ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন বৃক্ষরোপণ কর্মসূচির
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং নতুন দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শনিবার (১১ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে পৌঁছে শহীদ ডা. মিলন অডিটোরিয়াম-সংলগ্ন লনে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পুরো অর্থনীতি মডেলে নতুন পদ্ধতি শুরু করেছি: অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০ হোস্টেল নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে অংশ নেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতের উন্নয়ন ও আধুনিকায়নসংক্রান্ত একাধিক নতুন প্রকল্পের ঘোষণা দিতে পারেন।





