অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা কিংবা লেনদেনের মতো অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখার বিধানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
সোমবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তির পর কণ্ঠভোটে এটি পাস হয়।
আরও পড়ুন: ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার
নতুন আইনে অনলাইনে মাদকসংক্রান্ত সাইবার অপরাধ প্রমাণের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে সরাসরি মাদকদ্রব্য উদ্ধার হওয়া বাধ্যতামূলক থাকবে না। ডিজিটাল তথ্য-প্রমাণের ভিত্তিতেও অপরাধ প্রমাণের সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া সংশোধিত বিলে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে।
আরও পড়ুন: লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী
আইনে আরও রয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি, নিজস্ব হাজতখানা ও অস্ত্রাগার স্থাপন, ডগ স্কোয়াড গঠন, মাদকসংক্রান্ত সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ শাখাএবং ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠার বিধান।
সরকারের মতে, প্রযুক্তিনির্ভর মাদক ব্যবসা ও অনলাইনভিত্তিক অপরাধ দমনে নতুন আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদন পেলেই ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’কার্যকর হবে।





