সচিবালয়ের উদ্দেশে লংমার্চের ঘোষণা

তিন দফা দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের অবস্থান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ৩:২৭ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরায় বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা সচিবালয়ের উদ্দেশে লংমার্চের ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হন। পরে তারা মিছিলের প্রস্তুতি নেন এবং পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার কথা জানান।

আরও পড়ুন: দল-মতের ঊর্ধ্বে উঠে ঢাকাকে বাসযোগ্য করার আহ্বান মির্জা ফখরুলের

আন্দোলনকারীদের দাবি, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে বহু পরীক্ষার্থী চরম ভোগান্তির শিকার হয়েছেন। তাই পরীক্ষা স্থগিত করে নতুন সূচি প্রকাশসহ তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী শেখ রিফাত বলেন, বন্যাকবলিত ও জলাবদ্ধ এলাকায় অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছে না। এতে পরীক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি ঘোষণা করা প্রয়োজন।

আরও পড়ুন: প্রতি শিক্ষার্থীকে বছরে অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের অবস্থানের কারণে উত্তরার বিএনএস সেন্টার, আজমপুর, জসিমউদ্দীন এবং আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। কোথাও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে উত্তরা ও সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে একই দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় বুধবার সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়।