শিক্ষামন্ত্রীর অপসারণ প্রসঙ্গে দ্বিধাবিভক্ত, ৬ দফা দাবি নিয়ে আলোচনা

দ্বিতীয় দিনের মতো এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ৭:৪১ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ-অবরোধ করে রাস্তায় নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীসহ বিক্ষোভকারীরা। ঢাকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের খবর পাওয়া গেছে।

বুধবার পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বিভিন্ন স্থান অবরোধ করে। এতে অন্যান্য শিক্ষার্থীদেরও অংশ নিতে দেখা যায়।

আরও পড়ুন: বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপালে মাওলানা মামুনুল হক

ঢাকার সায়েন্সল্যাব মোড় থেকে শুরু করে উত্তরার বিএনএস সেন্টারসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা জড়ো হয়।

শিক্ষার্থীদের এই আন্দোলনে ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন: নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাইয়ের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের

এ সময় তাদেরকে "মিলন – ভুয়া... মিলন – ভুয়া", "দফা এক, দাবি এক – শিক্ষামন্ত্রীর পদত্যাগ", "তুমি কে, আমি কে – ফার্মের মুরগি", "আপস না, সংগ্রাম – সংগ্রাম, সংগ্রাম" ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ বুধবারের পরীক্ষা বন্ধ না করার জন্য তারা আজ আন্দোলনে নেমেছেন। কারণ গতকাল যারা রাত অবধি আন্দোলন করেছিলেন, তারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারেননি।

তবে মার্চ টু সচিবালয় কর্মসূচিতে ঘেরাও করতে আসা পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশি বাধার মুখে অবস্থান নেয়। এ সময় সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ৬ দফা দাবি আদায়ে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ের বৈঠকে অংশ নিতে যায়।

এর প্রতিবাদে ছাত্রদের আরেকটি অংশ নিজেদের মধ্যে হাতাহাতি করে শাহবাগ মোড়ে গিয়ে শিক্ষামন্ত্রীর অপসারণ দাবি করে অবরোধ করে রাখে। রাতে শাহবাগ অবরোধ করে নতুন কর্মসূচির ঘোষণা দেয়।

জয়পুরহাট, বরিশালেও একই দাবিতে রাস্তায় নেমেছে অনেক শিক্ষার্থী।

চলমান পরিস্থিতিতে ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।