চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী
সেবার মানসিকতা ও রোগীর প্রতি দায়িত্ববোধ ছাড়া দেশের চিকিৎসাব্যবস্থার মানোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও তা যেন পেশাগত দায়িত্ব ও পেশাদারিত্বে কোনো ধরনের প্রভাব না ফেলে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, চিকিৎসকদের মূল দায়িত্ব মানুষের সেবা করা। তাই পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে রোগীর প্রতি দায়িত্ববোধ এবং সেবার মানসিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও সেটি যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধা সৃষ্টি না করে, সেদিকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন: বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
অনুষ্ঠানে দেশের জ্বালানি খাত নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে। জ্বালানি সমস্যা সমাধানে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
এর আগে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন তিনি। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন।
আরও পড়ুন: বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে
পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী দলীয় পতাকা উত্তোলন করেন। চিকিৎসক সমাবেশ শুরুর আগে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেন।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।





