সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:০৩ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিদ্যুৎ পরিস্থিতি বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা থেকে কিছুটা উন্নতি হতে পারে বলে আশাবাদ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার একাধিক কৌশল নিয়ে কাজ করছে। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা গতকাল সন্ধ্যা থেকে একটা কৌশল নিয়েছি, আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে।’

মালয়েশিয়ার সঙ্গে এলএনজি সরবরাহ নিয়ে আলোচনা প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অন্তত এক কার্গো এলএনজি পাওয়ার বিষয়ে তারা আশাবাদী। তবে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানি করতে হলে কিছুটা সময় প্রয়োজন এবং পর্যাপ্ত আইএসও ট্যাংকও বর্তমানে সহজলভ্য নয়।

আরও পড়ুন: ১৯৭১ ও মুক্তিযুদ্ধকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী

তিনি বলেন, ‘আমাদের হাতে যতগুলো বিকল্প ছিল, আমরা সব বিকল্প নিয়ে কাজ করছি।’

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী

তার ভাষায়, ‘জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। আমার ধারণা, জনগণ বোঝেন আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই।’

দেশের অভ্যন্তরীণ বিদ্যুৎ উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এলএনজি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছেও সহযোগিতা চেয়েছে।

বর্তমান সংকটের জন্য আগের সরকারের নীতির সমালোচনা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের পরিবর্তে তাৎক্ষণিক সমাধানের পথে যাওয়ার কারণে এখন সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘যখন ভুল নীতি আপনি গ্রহণ করবেন, এক সময় তার মাশুল দিতে হবে। বিগত সরকারগুলো কোনো মধ্য বা দীর্ঘমেয়াদি সমাধানের সূত্র খোঁজেননি। তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলেই আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে।’

প্রতিমন্ত্রীর মতে, এই সংকট এখন না হলে ভবিষ্যতে অন্য কোনো সময়ে দেখা দিত। তিনি বলেন, ‘আজকে না এলে হয়তো আগামীকাল আসতো, আগামীকাল না হলে হয়তোবা পরশুদিন আসতো। একটি সময় এই পরিস্থিতির মুখোমুখি আপনাকে-আমাকে হতেই হতো।’

এদিকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতিতে এলএনজি সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাপনায় বিভিন্ন বিকল্প নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।