স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৯ কোটি টাকার বাজেট, মাদক-জুয়া নির্মূলে জোর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:১৩ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও জুয়া নির্মূল এবং পুলিশ নিয়োগে স্বচ্ছতাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

বৈঠকের শুরুতে সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে এগুলো নির্মূলে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন কমিটির সদস্যরা।

বৈঠকে জানানো হয়, মাদক নির্মূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত ক্ষতিপূরণ দিতে নির্দেশ মালয়েশিয়ার হাইকোর্টের

কমিটির সদস্যরা জানান, জাতীয় সংসদের সব সদস্য মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছেন। মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সামাজিকভাবেও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ ছাড়াই শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে।

এরপর দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটির সদস্যদের সামনে তুলে ধরা হয়।

বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাগুলোর বাজেট খাতওয়ারি বিভাজন, ব্যয় পরিকল্পনা এবং ২০২৭ সালের ৩০ জুন সমাপ্য অর্থবছরের জন্য বিভিন্ন সংস্থার বাজেট ও ব্যয় বিভাজনের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

সভায় জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ৩১ হাজার ৯৯ কোটি টাকা। এর মধ্যে পরিচালন বাজেট ২৮ হাজার ৬৩৮ কোটি ৭৯ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ২ হাজার ৪৬০ কোটি ২১ লাখ টাকা।

বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল ও অপরাধ দমনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এসব কার্যক্রমে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যকর তদারকি অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দীন আহমদ, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মীর শাহে আলম, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নুরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন অংশ নেন।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরগুলোর মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।