অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত ক্ষতিপূরণ দিতে নির্দেশ মালয়েশিয়ার হাইকোর্টের

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ১১:৩৫ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অভিবাসী শ্রমিক অধিকারকর্মী অ্যান্ডি হলকে মানহানির দুটি মামলায় মোট ৫ লাখ রিঙ্গিত (প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা) জরিমানা করেছে মালয়েশিয়ার জোহর বাহরু হাইকোর্ট।

বৃহস্পতিবার দেওয়া রায়ে বিচারিক কমিশনার নোরাদুরা হামজা বলেন, বিদেশি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান এমবুন কারিসমা রিসোর্সেসের পরিচালক আর. মুথুসামির অভিযোগ প্রমাণিত হয়েছে। শুনানির সময় অ্যান্ডি হল আদালতে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন করেননি।

আরও পড়ুন: বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

মুথুসামির পক্ষে আইনজীবী জি.কে. শ্রীথারণ ও চাই ই ন্‌গ আদালতে শুনানিতে অংশ নেন। চার বছর আগে দায়ের করা দুটি মামলা একত্রে শুনানি করা হয় এবং বাদীপক্ষের একমাত্র সাক্ষী ছিলেন মুথুসামি।

রায়ের মৌখিক পর্যবেক্ষণে বিচারক বলেন, মুথুসামির বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল। এসব অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে তুলনামূলক বেশি অঙ্কের ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ‘দিন গোনা ছাড়া আমার কিছু করার নেই’: বিদ্যুৎমন্ত্রী

আদালত হলকে আরও ১ লাখ রিঙ্গিত মামলা খরচ পরিশোধের নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মানহানিকর বক্তব্য প্রকাশ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। তাকে জাতীয় পর্যায়ের পত্রিকা এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশ্যে মুথুসামির কাছে ক্ষমা চাইতেও বলা হয়েছে।

তবে মুথুসামির অভিযোগ, আদালতের নির্দেশনার পরও হল “See you in court: Hall dares libel claimant in Dyson forced labour controversy” শিরোনামের একটি প্রতিবেদনে আবারও মানহানিকর মন্তব্য করেছেন। প্রতিবেদনটি গত ১৭ ফেব্রুয়ারি ফোকাস মালয়েশিয়ায় প্রকাশিত হয়।

মামলার নথিতে মুথুসামি দাবি করেন, হলের ইমেইল ও ফোকাস মালয়েশিয়ার প্রতিবেদনে প্রকাশিত বক্তব্যগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার ভাষায়, এসব বক্তব্য ছিল “চাঞ্চল্যকর, কেলেঙ্কারিপূর্ণ, আপত্তিকর ও বিদ্বেষপূর্ণ”, যা তাকে অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছে এবং দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তার সুনাম ক্ষুণ্ন করেছে।