আগস্টে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৯:২৮ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে চলতি আগস্ট মাসে আরও পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এসব চালানে মোট প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি থাকবে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) একেএম মিজানুর রহমান জানান, আগস্ট মাসে আরও পাঁচ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে। এগুলো স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় কেনা হয়েছে।

আরও পড়ুন: বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে তিন ধরনের উৎস থেকেই নিয়মিত এলএনজি আমদানি করা হচ্ছে। গড়ে প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।

পেট্রোবাংলার এই কর্মকর্তা জানান, আগস্ট মাসে সব মিলিয়ে নয় কার্গো এলএনজি আমদানি করা হবে। এর মধ্যে ইতোমধ্যে চার কার্গো দেশে পৌঁছেছে। বাকি পাঁচ কার্গো চলতি মাসেই দেশে পৌঁছাবে।

আরও পড়ুন: অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত ক্ষতিপূরণ দিতে নির্দেশ মালয়েশিয়ার হাইকোর্টের

আগস্টে আমদানি হতে যাওয়া নয় কার্গোতে মোট এলএনজির পরিমাণ প্রায় ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ।

পেট্রোবাংলা সূত্র জানায়, আগস্টের জন্য দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় একটি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় পাঁচটি এবং স্পট মার্কেট থেকে তিনটি কার্গো এলএনজি কেনা হয়েছে। বাকি চালানগুলো ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ আগস্ট দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে জুলাই মাসে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়। এসব চালানে এলএনজির পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, কাতারভিত্তিক কাতার এনার্জি এবং ওমান সরকারের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ করে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশকে এলএনজি সরবরাহ করছে।

সরকার প্রতি মাসে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন নিয়ে স্পট মার্কেট থেকেও এলএনজি কার্গো সংগ্রহ করে থাকে। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মোকাবিলা এবং গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এসব আমদানি করা হচ্ছে।