১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর তার মেয়ে তানি দীপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য প্যারোল মঞ্জুর করা হয়েছে।
বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকা দীপু মনির স্বামীর মৃত্যুর পর তার মেয়ে বুধবার সকাল থেকেই মায়ের মুক্তির জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন। জানা গেছে, দুপুর ১২টার দিকে তিনি কারাগারে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়
পরে দুপুর পৌনে ২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রেজাউল করিমের কাছে চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন জমা দেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্যারোলে মুক্তি পাওয়ার পর দীপু মনি ঢাকায় পৌঁছে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেবেন। উল্লেখ্য, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তিনি মারা যান।
আরও পড়ুন: কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: শামা ওবায়েদ
এর আগে ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৬০টির বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।





