একমাসের মধ্যে প্রাথমিকে আসছে নতুন নীতিমালা: শিক্ষা প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:৩৯ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রাথমিক শিক্ষার প্রশাসনিক কাঠামো, শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং ও জবাবদিহিতা আরও কার্যকর করতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বিভাগীয় পর্যায়ে আয়োজিত কর্মশালাগুলোতে কর্মকর্তাদের দেওয়া মতামত ও সুপারিশের ভিত্তিতে নতুন এ নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না সরকার: মঈন খান

রোববার (২৩ আগস্ট) বরিশাল নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এসব কর্মশালা আয়োজন করা হচ্ছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, কর্মশালার মূল লক্ষ্য হলো ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়গুলো কীভাবে পরিচালিত হবে, শ্রেণি কার্যক্রম কীভাবে আরও কার্যকর করা যায় এবং প্রশাসনিক ও মনিটরিং কর্মকর্তারা কীভাবে দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে একটি কার্যকর কাঠামো তৈরি করা।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকট সমাধানে জিয়াউর রহমান-খালেদা জিয়ার পথেই এগোব: আইনমন্ত্রী

তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তারা কী ধরনের পরিবর্তন চান, সে বিষয়েও তাদের মতামত ও পরামর্শ নেওয়া হচ্ছে। এসব মতামত নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে তিনটি বিভাগে এ ধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের মধ্যে দেশের সব বিভাগে কর্মশালা শেষ করার পরিকল্পনা রয়েছে। এসব কর্মশালা থেকে পাওয়া মতামত ও সুপারিশ পর্যালোচনা করে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

তিনি বলেন, নতুন নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পরিচালনা ও ব্যবস্থাপনাতেও এর প্রভাব পড়বে।

প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কাঠামো নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, কোনো প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হবে না। অষ্টম শ্রেণি পর্যন্ত চালু থাকা বিদ্যালয়গুলো পর্যায়ক্রমে ওই শ্রেণিগুলো থেকে বেরিয়ে আসবে। বর্তমানে প্রাথমিক পর্যায়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম রাখার সিদ্ধান্ত রয়েছে এবং এ বিষয়ে নীতিমালায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম।

তবে শিক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন হঠাৎ করে আনা সম্ভব নয় উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে পরিকল্পিতভাবে এগোতে হবে এবং এর প্রভাব ও প্রয়োজনীয়তা বিবেচনা করতে হবে।

বরিশাল বিভাগের কর্মকর্তাদের মতামতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে কোনো কার্যকর ও বাস্তবসম্মত প্রস্তাব এলে তা নীতিমালায় অন্তর্ভুক্ত করার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করবে।

প্রাথমিক শিক্ষার প্রশাসনিক কাঠামো ও শ্রেণি কার্যক্রমকে আরও কার্যকর করতে বিভাগীয় পর্যায়ের এসব কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।