এসএসসি পরীক্ষা কবে হবে জানালেন শিক্ষামন্ত্রী
সার্বিক দিক বিবেচনায় ফেব্রুয়ারি মাসকে এসএসসি পরীক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত সময় মনে করা হলেও পবিত্র রমজানের কারণে এবার ওই সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতি ও পড়াশোনা রিভিউয়ের সুযোগ দিতে রমজান শেষে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে আপাতত পরীক্ষা আরও পেছানোর কোনো কারণ দেখছেন না তিনি।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: ক্ষুদ্র নৃগোষ্ঠীর কল্যানে কাজ করে যাচ্ছেন শামীম আকতার
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সামগ্রিক বিষয় বিবেচনা করা হয়েছে। জানুয়ারিতে পরীক্ষা শুরু করলে তা প্রায় এক মাস ধরে চলবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত রমজান চলবে। ফলে ওই সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।
সবকিছু বিবেচনায় বাংলাদেশের জন্য ফেব্রুয়ারি মাসকে এসএসসি পরীক্ষার সবচেয়ে উপযুক্ত সময় মনে করা হচ্ছে বলে জানান তিনি। তবে রমজানের কারণে এবার ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে বিলিয়ন ডলারের বোয়িং চুক্তির দাবি যুক্তরাষ্ট্রের
রমজানের আগে পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল জানিয়ে এহসানুল হক মিলন বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের অনুরোধে এ বিষয়ে চিন্তা করা হয়েছিল। কিন্তু এতে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস ও সিলেবাস শেষ হলেও নবম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা রিভিউয়ের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছিল না।
শিক্ষামন্ত্রীর মতে, পরীক্ষার আগে পড়াশোনা রিভিউ করার সুযোগ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। জানুয়ারিতে পরীক্ষা নিলে সেই সময়টি পর্যাপ্ত হবে না।
তিনি বলেন, রমজানের পরে পরীক্ষা নিলে পরীক্ষা কিছুটা বিলম্বিত হবে। তবে রমজান একটি বাস্তবতা হওয়ায় এর সঙ্গে পরীক্ষার সময়সূচি সমন্বয় করতে হবে।
এসএসসি পরীক্ষা আরও পেছানোর আশঙ্কা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আপাতত পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখা যাচ্ছে না। জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে বর্তমানে পরীক্ষা পেছানোর কারণ নেই।
তিনি বলেন, শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে। প্রায় দেড় বছর আগেই তাদের পরীক্ষার বিষয়ে জানানো হয়েছে এবং তারা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, সরকারের অন্যতম লক্ষ্য হলো এসএসসি পরীক্ষাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসা। একইভাবে এসএসসি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোও নির্দিষ্ট সময়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, দেশে সাধারণত বর্ষা বা বৃষ্টির মৌসুমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন পরীক্ষাটিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীদের বিষয়টিও দেশের শিক্ষাব্যবস্থার সময়সূচির সঙ্গে সমন্বয়ের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া উপস্থিত ছিলেন।





