নতুন পে স্কেলের গেজেট কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৬ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকার প্রস্তাবিত ৯ম জাতীয় পে স্কেল অনুমোদন করেছে। এখন নতুন বেতন কাঠামো বাস্তবায়নে গেজেট জারির অপেক্ষা। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন বেতন কাঠামো নিয়ে অর্থ বিভাগের আদেশ বুধবার অথবা বৃহস্পতিবার জারি হতে পারে।

নতুন পে স্কেল সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অর্থ বিভাগ আজ অথবা আগামীকাল এ বিষয়ে আদেশ জারি করবে। আদেশ প্রকাশের পর নতুন বেতন কাঠামোর বিস্তারিত বিষয় জানা যাবে।

আরও পড়ুন: দুদকের জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জন

এর আগে সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনস্কেল অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য **যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬** অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামো ও সংশ্লিষ্ট নির্দেশাবলী ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ তৈরির জন্য একটি সচিব কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদন মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত পর্যালোচনা শেষে নতুন বেতনস্কেল অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন: আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের জীবনমানসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি বেতন বৈষম্য কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

অনুমোদিত জাতীয় বেতনস্কেল ২০২৬-এ সরকারি কর্মচারীদের ২০টি বেতন গ্রেড বহাল রাখা হয়েছে। তবে প্রতিটি গ্রেডের মূল বেতন নতুন করে নির্ধারণ করা হয়েছে। এতে ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।

নতুন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের ব্যবধানও কমানো হয়েছে। বিদ্যমান ১:১.৯৪৫ অনুপাত থেকে কমিয়ে নতুন পে স্কেলে এ অনুপাত ১:১.৭৮ নির্ধারণ করা হয়েছে। এর ফলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন ১০০ শতাংশ বাড়বে।