ঢাকা ইপিজেডে দুটি আধুনিক ওয়েব্রিজ উদ্বোধন করলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:২২ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেপজাধীন জোনসমূহে শিল্প প্রতিষ্ঠানের আমদানি-রপ্তানি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে ওয়েব্রিজ স্থাপন করছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এরই ধারাবাহিকতায় আজ (৭ সেপ্টেম্বর, ২০২৬) ঢাকা ইপিজেডের পুরাতন ও সম্প্রসারিত জোনে স্থাপিত দুটি আধুনিক ওয়েব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল।

ঢাকা ইপিজেডের পুরাতন ও সম্প্রসারিত জোনের মূল গেটে স্থাপিত এ দুটি ওয়েব্রিজের মাধ্যমে জোনে প্রবেশ ও বহির্গমনকারী পণ্যবাহী কনটেইনার, কাভার্ড ভ্যানসহ অন্যান্য যানবাহনে পরিবাহিত পণ্যের ওজন নির্ভুলভাবে পরিমাপ ও তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। এর ফলে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রমের মনিটরিং আরও শক্তিশালী হবে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের আশ্রয়ে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী

ওয়েব্রিজ স্থাপনের মাধ্যমে বন্ডেড সুবিধার আওতায় আমদানি ও রপ্তানিকৃত পণ্যের ওজন পরিমাপের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একই সঙ্গে জোনে প্রবেশ ও বহির্গমনকারী পণ্যের তথ্যের নির্ভুলতা, আমদানিকৃত কাঁচামালের যথাযথ ব্যবহার এবং বন্ডিং কার্যক্রমের মনিটরিং আরও কার্যকর হবে। এর ফলে বাণিজ্যিক কার্যক্রমে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি রাজস্ব সুরক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে এ ব্যবস্থা।

ঢাকা ইপিজেডের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম ইপিজেড, আদমজী ইপিজেড, কুমিল্লা ইপিজেড ও কর্ণফুলী ইপিজেডে একই ধরনের আধুনিক ওয়েব্রিজ স্থাপনের কার্যক্রম এগিয়ে নিচ্ছে বেপজা। পর্যায়ক্রমে বেপজাধীন সব জোনে ওয়েব্রিজ স্থাপন করবে বেপজা।

আরও পড়ুন: সাইফুর রহমানের মৃত্যু নিছক গাড়ি দুর্ঘটনা নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্র: প্রশ্ন রিজভীর

অনুষ্ঠানে ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার, বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোঃ মহসীন হাসান, ঢাকা ইপিজেডের কাস্টমসের সহকারী কমিশনারসহ ইপিজেডের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।