ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপে দুই মাসে ১,৪৬১ অভিযোগ, নিষ্পত্তি ১,০২০

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:৫৫ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাজউক ভবন। ছবিঃ সংগৃহীত
রাজউক ভবন। ছবিঃ সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও সমাধানের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ক্লিন কেয়ার’ অ্যাপ নাগরিকদের মধ্যে সাড়া ফেলেছে। কার্যক্রম শুরুর দুই মাসে অ্যাপটির মাধ্যমে ১ হাজার ৪৬১টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ১ হাজার ২০টি অভিযোগ ইতোমধ্যে সমাধান করা হয়েছে। বাকি ৪৪১টি অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, গত ৭ জুলাই অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর ১ আগস্ট থেকে এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অ্যাপটির মাধ্যমে নাগরিকরা পরিচ্ছন্নতা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সরাসরি কর্তৃপক্ষকে জানাতে পারছেন।

আরও পড়ুন: অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

ডিএসসিসির তথ্য অনুযায়ী, ব্যবহারকারীদের কাছ থেকে অ্যাপটির গড় রেটিং পাওয়া গেছে ৫-এর মধ্যে ৪ দশমিক ৫। এছাড়া ৮৯ শতাংশ ব্যবহারকারী অ্যাপটির বিষয়ে ইতিবাচক মতামত দিয়েছেন।

অভিযোগ পাওয়ার পর তা সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হচ্ছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএসসিসি। কর্তৃপক্ষের দাবি, এর ফলে পরিচ্ছন্নতা সেবায় জবাবদিহিতা ও কার্যক্রমের গতি বাড়ছে।

আরও পড়ুন: জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। ‘ক্লিন কেয়ার’ অ্যাপের মাধ্যমে নাগরিকদের মতামত ও পরামর্শ নিয়ে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক ঢাকা গড়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে ডিএসসিসির অন্যান্য নাগরিক সেবাকেও ‘ক্লিন কেয়ার’ অ্যাপের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। জবাবদিহিমূলক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসি এই ডিজিটাল সেবা চালু করেছে।