শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
বকেয়া বেতন পরিশোধ ও ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের নাওজোর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চন্দ্রাপল্লী বিদ্যুৎ মোড়সহ বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেন আন্দোলনকারী শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা নাওজোর এলাকায় গিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।
আরও পড়ুন: গোয়েন্দা ব্যর্থতায় মাঠে নেমেছে তৃতীয়পক্ষ
শ্রমিকদের আন্দোলনের কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বেতন বাড়ানোর দাবিতে গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল এবং আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধ করা।
আরও পড়ুন: বড়দিন উদযাপনে ২ কোটি টাকা চেয়েছিল ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি
এর আগে সোমবার (২ নভেম্বর) এসব দাবিকে কেন্দ্র করে সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুর এলাকায় শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকদের দাবি আদায় এবং চলমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন আন্দোলনকারীরা।





