এবার স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চাইলেন হাসনাত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনার পর দেশে বিভিন্ন পর্যায়ে জবাবদিহির দাবি জোরালো হচ্ছে। এরই অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করেছে সরকার। তবে বিতর্ক থামেনি—এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরাসরি স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করলো।
বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড সড়কে অনুষ্ঠিত এক পদযাত্রা সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই দাবি জানান।
আরও পড়ুন: যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবদলের ফুলেল শুভেচ্ছা
তিনি বলেন, ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। তাকে শুধু পদত্যাগ করলেই চলবে না, গত এক বছরে নেওয়া বেতন-ভাতাও ফেরত দিতে হবে। যে বাংলাদেশে আকাশ থেকে যুদ্ধবিমান পড়ে, ভবন ধসে পড়ে, সেই বাংলাদেশ আমরা চাই না। এই যুদ্ধবিমানগুলো হাসিনার আমলে কেনা হয়েছে। তখন হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, তার তদন্ত হওয়া দরকার।
তিনি বাংলাদেশ বিমানবাহিনীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে বলেন, “বিমান বাহিনীর ভাইদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো ঠিক আছে কিনা, তা বিবেচনায় নেওয়া উচিত।
আরও পড়ুন: বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়ালের নেতৃত্বে মিছিল
সরকারবিরোধী অবস্থান থেকে এনসিপির নেতা আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, “আওয়ামী ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। আমরা শোককে শক্তিতে রূপান্তর করে তাদের প্রতিহত করবো।”
এসময় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।
এর আগে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নেতারা। পরে ঢাকায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকর্যালিও অনুষ্ঠিত হয়।





