বিএনপি যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত: সালাহউদ্দিন
বিএনপি যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (৪ আগস্ট) গুলশানে নিজের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পরে বিএনপি ৩০ জুলাইয়ের মধ্যেই কিছু সংশোধনীসহ আনুষ্ঠানিক জবাব দিয়েছে। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে।
তিনি আরও বলেন, “ঘোষণাপত্রে ২৬ মার্চের বিষয়টি উপস্থাপন না করাকে কেন্দ্র করে বিএনপি কিছু মতপার্থক্য প্রকাশ করেছে এবং রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেওয়ার কথা বলেছে। জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব আছে। বিএনপি এতে অংশ নিতে চায়, তবে যে সংশোধনী দলটি দিয়েছে, তা যদি গৃহীত না হয়, তবে সনদ পাঠের পর দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
তিনি অভিযোগ করেন, “কিছু মহল বলছে, বিএনপি সহযোগিতা করছে না বা নিশ্চয়তা না পেলে সই করবে না। এ অভিযোগ সঠিক নয়। বিএনপি ইতোমধ্যে যথেষ্ট সহযোগিতা করেছে।”
সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, “জাতীয় স্বার্থে সব গণতান্ত্রিক শক্তিকে একসাথে থাকতে হবে।”
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির





