বাবা-মায়ের পর সরকার প্রধানের দায়িত্ব নিচ্ছেন তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৯ পূর্বাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:০৪ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র নেতৃত্বে আজ মঙ্গলবার নতুন সরকার গঠিত হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এ সরকারের প্রধান হচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

এর মধ্য দিয়ে তারেক রহমান ও তার পরিবারের ঝুলিতে যুক্ত হতে যাচ্ছে দেশের ইতিহাসে নতুন এক রেকর্ড। বাবা-মায়ের পর তিনিও সরকার প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন। এক পরিবারের তিন সদস্যের সরকার প্রধান হওয়ার ঘটনা দেশে অতীতে ঘটেনি।

আরও পড়ুন: এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার যেকোনো সময়

দলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৭৭ সালের ২১ এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি এ এস এম সায়েম পদত্যাগ করলে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হন। পরে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি চেয়ারম্যান হিসেবে থেকে বিএনপি গঠন করেন। ১৯৯১ সালের পর থেকে তার প্রতিষ্ঠিত দলটি এবার নিয়ে চারবার রাষ্ট্রক্ষমতায় আসীন হলো।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে জিয়াউর রহমান নিহত হন। তখন খালেদা জিয়া ছিলেন গৃহিণী। স্বামীহারা খালেদা দলের হাল ধরেন এবং স্বৈরাচার এরশাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত হন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পরবর্তী সময়ে তিন দফা সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। একাধিক সাধারণ নির্বাচনে একাধিক আসনে দাঁড়িয়ে কখনো পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডও রয়েছে তার দখলে।

আরও পড়ুন: সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়া মারা যান। এরপর তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হন। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তার নেতৃত্বে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। এর আগে গত ডিসেম্বরে ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। এখন বাবা-মায়ের পর তিনিও দেশ পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছেন।