কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। তার ভাষায়, ‘ছবি শুধু অতীতকে নাড়া দেয় না, জীবন্ত ইতিহাসকেও সামনে নিয়ে আসে। এই ছবি যেন আর ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির
শামসুজ্জামান দুদু বলেন, প্রদর্শনীতে গত ১৭–১৮ বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার আলোকচিত্র স্থান পেয়েছে। এসব ছবি দেশের একটি কঠিন সময়ের বাস্তবতা ও মানুষের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেছে।
তিনি ফটোসাংবাদিকদের প্রশংসা করে বলেন, কঠিন সময়েও তারা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অনেককে ছবি ধারণ ও প্রকাশ করতে গিয়ে জীবনঝুঁকি নিতে হয়েছে, এমনকি চাকরিও হারাতে হয়েছে। তার মতে, আলোকচিত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
দুদু আরও বলেন, প্রদর্শনীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ঘটনার পাশাপাশি বিভিন্ন আলোচিত মুহূর্তের আলোকচিত্রও স্থান পেয়েছে, যা অতীতের বাস্তবতাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।
বর্তমান সরকার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই সরকার মানুষের ভালোবাসার সরকার। তিনি বলেন, সরকারের ভুল-ত্রুটি থাকতেই পারে, তবে সেগুলো সংশোধনের জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।
আলোকচিত্র প্রদর্শনী শুধু ঢাকায় নয়, বিভাগীয় ও জেলা পর্যায়েও আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের সত্য ঘটনাগুলো সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ সংগঠনের নেতৃবৃন্দ, আলোকচিত্রী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





