স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচ: ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ৩:০৮ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এই ম্যাচে তাঁর সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে মেডেল তুলে দেন তিনি।

খেলা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী উপস্থিত সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। আয়োজক, খেলোয়াড়, সাংবাদিক এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি দেশের ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।

আরও পড়ুন: ফ্রান্সের নতুন প্রধান কোচ জিনেদিন জিদান

প্রধানমন্ত্রী বলেন, নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চায়। তিনি জানান, ক্রীড়াকে পেশাদার পর্যায়ে উন্নীত করতে এবং প্রতিভা বিকাশে দেশজুড়ে কাজ করা হবে। এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নের স্কুলগুলোতে বিভিন্ন শ্রেণিভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্য বাড়াতে দক্ষ খেলোয়াড় গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন: অবশেষে জনসমক্ষে লিওনেল মেসি!

বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী দলমত নির্বিশেষে একটি সমৃদ্ধ ক্রীড়াঙ্গন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ক্রীড়া শুধু দেশের সম্মানই বাড়ায় না, বরং মানুষের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনও দৃঢ় করে।