টানা তৃতীয়বার বিশ্বকাপ থেকে বাদ

ইতালির ফুটবল ফেডারেশনের প্রধানের পদত্যাগ দাবি ক্রীড়ামন্ত্রীর

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:৫৫ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রে আবোদি মঙ্গলবার তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার পর ইতালির ফুটবল ফেডারেশনের প্রধান গ্যাবিয়েল গ্রাভিনার পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

ইউরোপীয়ান প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে ইতালি ২০২৬ সালের বিশ্বকাপ থেকে ছিটকে গেছে, ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত আসরেও তারা খেলতে পারবে না। এ নিয়ে আজ্জুরি টানা তিনবার বিশ্বকাপে খেলতে ব্যর্থ হলো।

আরও পড়ুন: নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

তবে গ্রাভিনা স্পষ্টভাবে বলেছেন, তিনি পদত্যাগ করবেন না। আগামী সপ্তাহে বোর্ড সভায় তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আবোদি বলেন, “ইতালিয়ান ফুটবলকে নতুন করে গড়ে তুলতে হবে। আর সেটা শুরু করতে হবে এফআইজিসির শীর্ষ পর্যায়ে পরিবর্তনের মাধ্যমে।”

আরও পড়ুন: আর্জেন্টিনার দাপুটে জয়, জিতল ব্রাজিলও

২০১৮ সাল থেকে ইতালিয়ান ফুটবলের দায়িত্বে থাকা গ্রাভিনা এর আগে কার্লো টাভেসিওর স্থলাভিষিক্ত হন, যিনি ২০১৭ সালে সুইডেনের কাছে হেরে বিশ্বকাপ মিস করার পর পদত্যাগ করেছিলেন।

একটি সূত্র জানিয়েছে, গ্রাভিনা বৃহস্পতিবার ইতালির তিনটি পেশাদার লিগ, খেলোয়াড় ও রেফারি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এদিকে রোমে ফেডারেশনের সদর দপ্তরে কিছু সমর্থক ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেছেন।

পরাজয়ের পর গ্রাভিনা অভিযোগ করেছেন, “ফুটবল যথেষ্ট রাষ্ট্রীয় সমর্থন পাচ্ছে না। ইতালিয়ান ফুটবল গভীর সংকটে রয়েছে।” এছাড়া তিনি অন্যান্য খেলাগুলোকে “অ্যামেচার” বলে উল্লেখ করায় বিতর্ক তৈরি হয়েছে।

তবে ক্রীড়ামন্ত্রী আবোদি এবং অলিম্পিক খেলোয়াড়দের মতে, অন্যান্য খেলায় ইতালির সাফল্য (মিলান-কোর্তিনা শীতকালীন অলিম্পিকে ৩০ পদক, প্যারিস ২০২৪ অলিম্পিকে ৪০ পদক) তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ। আবোদি বলেছেন, “তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে না পারার দায় এড়িয়ে রাষ্ট্রকে দোষারোপ করা ঠিক নয়। একইসাথে অন্য খেলাধুলার গুরুত্ব কমিয়ে দেখাও উচিত নয়।”

অলিম্পিক স্বর্ণজয়ী স্পিড স্কেটার ফ্রান্সেসকা লোরোব্রিগিডা ইনস্টাগ্রামে ব্যঙ্গ করে লিখেছেন, “আমি তাহলে একজন অ্যামেচার।”