কুনহার জোড়া গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের দাপুটে জয়
মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাথিউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ১২তম মিনিটে রাফিনিয়া বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর একের পর এক আক্রমণে হাইতির রক্ষণভাগকে ব্যস্ত রাখে সেলেসাওরা।
আরও পড়ুন: ৬৫ সেকেন্ডেই গোল, লাল কার্ড ও প্যারাগুয়ের নাটকীয় জয়, তুরস্কের বিদায়
অবশেষে ২৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্রাজিল। ডান প্রান্ত থেকে হাইতির বক্সে ঢুকে শট নেন ভিনিসিয়ুস জুনিয়র। গোলরক্ষক জনি প্লাসিড প্রথম শট ঠেকালেও ফিরতি বলে আলতো শটে বল জালে পাঠান ম্যাথিউস কুনহা।
প্রথম গোলের ১৩ মিনিট পর আবারও স্কোরশিটে নাম লেখান কুনহা। মাঝমাঠ থেকে দুর্দান্ত আক্রমণ সাজান ভিনিসিয়ুস। তার নিখুঁত থ্রু পাস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
আরও পড়ুন: বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড, স্কটল্যান্ডকে হারাল মরক্কো
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজের পারফরম্যান্সে গোলের ছাপ রাখেন ভিনিসিয়ুস জুনিয়রও। হাইতির গোলরক্ষককে একা পেয়ে দুই পায়ের ফাঁক গলিয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলের তৃতীয় গোলটি করেন তিনি।
দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল। তবে ৩-০ গোলের স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে দক্ষিণ আমেরিকার দলটি।
এই জয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করল ব্রাজিল। একই সঙ্গে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থানও আরও শক্ত করল সেলেসাওরা।





