আইভরিকোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ১১:৩৭ পূর্বাহ্ন, ২১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আইভরিকোস্টের বিপক্ষে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে জার্মানি। ডেনিজ উনদাভের জোড়া গোলে আফ্রিকার দলটিকে ২-১ ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি জাতীয় ফুটবল দল। একাধিক আক্রমণের পাশাপাশি একবার বল জালেও পাঠায় তারা। তবে ফাউলের কারণে সেই গোল বাতিল করা হয়।

আরও পড়ুন: সুইডেনকে উড়িয়ে ব্রাজিলের রেকর্ড ভাঙল নেদারল্যান্ডস

আক্রমণের চাপ সামলেও ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় আইভরিকোস্ট জাতীয় ফুটবল দল। বক্সের ভেতরে ফিরতি বলে শট নিয়ে গোল করেন ফ্রাঙ্ক কেসি।

প্রথমার্ধে জার্মানি আরও একবার বল জালে জড়ালেও গোলটি বাতিল হয়ে যায়। কাই হাভার্টজের শট জালে গেলেও তার আগে আইভরিকোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদুর ওপর ফাউল হওয়ায় গোল স্বীকৃতি পায়নি। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানরা।

আরও পড়ুন: ৬৫ সেকেন্ডেই গোল, লাল কার্ড ও প্যারাগুয়ের নাটকীয় জয়, তুরস্কের বিদায়

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালাতে থাকে জার্মানি। অবশেষে ৬৮তম মিনিটে নাদিম আমিরির ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান ডেনিজ উনদাভ।

সমতার পরও আক্রমণের গতি কমায়নি জার্মানি। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও গোল করেন উনদাভ। তার জোড়া গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে জার্মানরা।

এই জয়ের ফলে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে জার্মানি। এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে হারিয়েছিল জুলিয়ান নাগেলসম্যানের দল।