যুক্তরাষ্ট্রকে হারিয়ে সান্তনার জয় নিয়ে বিদায় নিল তুরস্ক
আগের দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল তুরস্কের। অন্যদিকে প্রথম দুই ম্যাচে টানা জিতে রাউন্ড অব ৩২ নিশ্চিত করে ফেলেছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। তাই শেষ গ্রুপ ম্যাচটি ছিল তুরস্কের জন্য শুধুই নিয়মরক্ষার, আর যুক্তরাষ্ট্রের জন্য ছিল অপরাজিত থেকে গ্রুপপর্ব শেষ করার লড়াই। তবে শেষ হাসিটা হেসেছে তুরস্কই। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে তারা ৩-২ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকদের। বিদায়ের আগে অন্তত একটি স্মরণীয় জয় নিয়ে দেশে ফিরছে ভিনচেঞ্জো মন্টেলার দল। এটি ২০০২ সালের পর বিশ্বকাপে তুরস্কের প্রথম জয়।
লস অ্যাঞ্জেলেসে হলিউড তারকা ব্র্যাড পিট, এডওয়ার্ড নর্টন ও ওয়েন উইলসনের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ম্যাচের শুরুটা হয় যুক্তরাষ্ট্রের দারুণভাবে। ম্যাচের মাত্র ২ মিনিট ১৩ সেকেন্ডে কর্নার থেকে সম্পূর্ণ ফাঁকা অবস্থায় বল পেয়ে নিচু শটে গোল করেন সেল্টিকের ডিফেন্ডার অস্টন ট্রাস্টি। এটি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল। এর আগে ২০১৪ বিশ্বকাপে ঘানার বিপক্ষে ৩০ সেকেন্ডে গোল করেছিলেন ক্লিন্ট ডেম্পসি।
আরও পড়ুন: নকআউটে জাপানের মুখোমুখি ব্রাজিল, নেদারল্যান্ডসের প্রতিপক্ষ মরক্কো
তবে শুরুতেই পিছিয়ে পড়লেও দ্রুত ম্যাচে ফিরে আসে তুরস্ক। বারিস আলপার ইলমাজের দারুণ ব্যাকহিল পাস থেকে কাছ থেকে জালে বল জড়িয়ে চলতি বিশ্বকাপে দলের প্রথম গোলটি করেন আরদা গুলের।
এরপর বাঁ দিক দিয়ে গড়ে ওঠা চমৎকার এক আক্রমণ থেকে অরকুন ককচুর শট বারিস আলপার ইলমাজের গায়ে লেগে জালে ঢুকে গেলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তুরস্ক। এই আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডার আরদা গুলেরের।
আরও পড়ুন: বিশ্বকাপ নকআউটে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া, চূড়ান্ত আরও তিন ম্যাচ
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামে যুক্তরাষ্ট্র। এর ফলও পায় তারা। ২০ গজ দূর থেকে সেবাস্টিয়ান বারহাল্টারের দুর্দান্ত শটে সমতায় ফেরে স্বাগতিকরা।
এরপর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। বদলি হিসেবে নামা ক্রিস্টিয়ান পুলিসিচ তিনবার গোলের খুব কাছে গিয়েছিলেন। এর মধ্যে একটি শক্তিশালী শট অসাধারণ দক্ষতায় পোস্টে ঠেলে দেন তুরস্কের গোলরক্ষক উগুরচান চাকির।
অন্য প্রান্তে কেনান ইলদিজের বাঁকানো শট অল্পের জন্য বাইরে চলে যায়। আর বারিস আলপার ইলমাজ নিশ্চিত গোলের সুযোগে ভারসাম্য হারিয়ে ফেলেন। তবে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে কান উজুনের ছোঁয়া থেকে আসা বল জালে ঠেলে দিয়ে তুরস্ককে ৩-২ ব্যবধানের নাটকীয় জয় এনে দেন কান আয়হান।
এই জয়েও অবশ্য তুরস্কের ভাগ্য বদলায়নি। দুই হার ও এক জয় নিয়ে তারা গ্রুপের তলানিতেই বিশ্বকাপ শেষ করেছে। অন্যদিকে প্রথম দুই ম্যাচ জিতে গ্রুপসেরা হওয়া যুক্তরাষ্ট্র আগামী ২ জুলাই ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে।





