এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:২৭ পূর্বাহ্ন, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ৮:২৭ পূর্বাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের শক্তিমত্তার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। দাপুটে এই জয়ে নকআউট পর্বে প্যারাগুয়ের মুখোমুখি হবে দিদিয়ের দেশমের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। তবে প্রথমার্ধের বেশিরভাগ সময় গোলের দেখা পায়নি তারা। কিলিয়ান এমবাপ্পের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এছাড়া দুটি শট পোস্টে লেগে ফিরে আসে এবং আরও কয়েকটি সম্ভাবনাময় সুযোগ নষ্ট হওয়ায় হতাশ হতে হয় ফরাসিদের।

আরও পড়ুন: হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের জয়

অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফ্রান্স। ৪৫তম মিনিটে বক্সের বাঁ দিক থেকে বল পেয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন এমবাপ্পে। গোলের পর সম্প্রতি মাকে হারানো প্রধান কোচ দিদিয়ের দেশমকে জড়িয়ে ধরে আবেগঘন মুহূর্ত উপহার দেন তিনি। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে ফরাসিরা। ৫৩তম মিনিটে ব্র্যাডলি বারকোলা ব্যবধান দ্বিগুণ করেন। এরপরও আক্রমণের ধার কমায়নি ফ্রান্স। একের পর এক আক্রমণে সুইডেনের রক্ষণভাগকে চাপে রাখে তারা।

আরও পড়ুন: ইনিংস ও ৮৫ রানের হার, জিম্বাবুয়ের কাছে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের

৭৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে ফ্রান্সের ৩-০ ব্যবধান নিশ্চিত করেন এমবাপ্পে। এই জোড়া গোলের সুবাদে চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬-এ। ফলে গোল্ডেন বুটের দৌড়ে তিনি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন। তবে অ্যাসিস্টের হিসেবে এমবাপ্পে এগিয়ে রয়েছেন; তার অ্যাসিস্ট দুটি, যেখানে মেসির কোনো অ্যাসিস্ট নেই।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। এই জয়ে আত্মবিশ্বাস নিয়েই শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।