‘তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে আগ্রহী নন কেউ’

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ১২:০৬ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে ইংল্যান্ডের। এখন তাদের সামনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। তবে এই ম্যাচকে খেলোয়াড়দের জন্য এক ধরনের ‘অনাকাঙ্ক্ষিত দায়িত্ব’ হিসেবে দেখছেন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল।

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টুখেল বলেন, “আমাদের কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে চায় না, ফ্রান্সের খেলোয়াড়রাও চায় না। সবাই ফাইনাল খেলতে চেয়েছিল। সেই লক্ষ্য পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু এখন বাস্তবতা হলো, আমাদের এই ম্যাচ খেলতে হবে। ফ্রান্সের তুলনায় আমরা একদিন কম বিশ্রাম পেয়েছি। এরপরও পেশাদারিত্বের সঙ্গে ম্যাচটি খেলব।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের টিকিটের গড় দাম প্রায় ১৪ লাখ টাকা, ইতিহাসের সর্বোচ্চ

সেমিফাইনালে দীর্ঘ সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংলিশরা। পরে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেন এবং ইংল্যান্ডের ফাইনালের আশা শেষ হয়ে যায়।

পরাজয়ে হতাশা থাকলেও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন টুখেল। তিনি বলেন, আরেকটি বিশ্বকাপ খেলতে আমাদের চার বছর অপেক্ষা করতে হবে। তাই সেমিফাইনালে ওঠাও বড় একটি অর্জন। বিশ্বের অনেক শক্তিশালী দল এর আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এটা অবশ্যই সাফল্য। তবে এই মুহূর্তে কেউ সেটা শুনতে চায় না, আমিও না। কারণ আমরা নিজেদের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করেছিলাম।

আরও পড়ুন: ফিফার পক্ষপাতের অভিযোগ উড়িয়ে দিলেন মেসি, ‘যোগ্যতাতেই ফাইনালে’