ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে পরাজিত করে বিশ্বকাপ তৃতীয় স্থান অর্জন করেছে ইংল্যান্ড। গোলবহুল এই জয়ে টুর্নামেন্ট শেষ করেছে ইংলিশরা।
ম্যাচটি নিয়ে দুই দলের খুব বেশি আগ্রহ ছিল না। ফ্রান্সের কোচ দিদিয়ে দেশঁও বিষয়টি স্বীকার করেছিলেন। সেমিফাইনালে হারের পর শিরোপার স্বপ্ন ভেঙে যাওয়ায় দুই দলই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলতে নামে। তবে মাঠের লড়াইয়ে তার কোনো প্রভাব দেখা যায়নি।
আরও পড়ুন: বিশ্বকাপে ইতিহাস গড়লেন কিলিয়ান এমবাপ্পে
ম্যাচের আড়াই মিনিটের মধ্যেই ইংল্যান্ডকে এগিয়ে দেন ডেকলান রাইস। ফ্রান্সের দেজিরে দুয়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে উঠে গোল করেন তিনি।
এরপর বুকায়ো সাকার একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও ১৭ মিনিটে কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন এজরি কনসা।
আরও পড়ুন: বিশ্বকাপের প্রাইজমানিতে নতুন ইতিহাস, চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার
৩৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের শট গোলরক্ষক মাইক মেনিয়ঁ ঠেকালেও ফিরতি বলে গোল করেন বুকায়ো সাকা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন এই উইঙ্গার।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফ্রান্স। মিশেল অলিসের পাস থেকে প্রথমে গোল করেন কিলিয়ান এমবাপে। এরপর প্রতি-আক্রমণ থেকে ব্যবধান আরও কমান ব্র্যাডলি বারকোলা।
পরে আবারও গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরার আশা দেখান এমবাপে। তবে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাকা এবং ইংল্যান্ডকে ৫-৩ ব্যবধানে এগিয়ে দেন।
যোগ করা সময়ের আগে জুড বেলিংহাম রক্ষণ থেকে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় দারুণ এক গোল করে ইংল্যান্ডের ষষ্ঠ গোলটি করেন।
অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে উপামেকানোর পাস থেকে উসমান দেম্বেলে ফ্রান্সের চতুর্থ গোলটি করলেও শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।
এদিকে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে সোমবার রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা।





