বিশ্বকাপের পর ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:১০ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন জাতীয় দলের সতীর্থ মিডফিল্ডার রদ্রিগো ডি পলও। দুজনকেই রোববার (২ আগস্ট) মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দেন মেসি। বিশ্বকাপের পর এটি তার ক্লাবে প্রথম অনুশীলন।

কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচের আগে সংবাদমাধ্যমকে ইন্টার মায়ামির প্রধান কোচ গিলের্মো হোয়োস বলেন, মেসি অল্প সময় আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাই তাকে খেলানো হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন: তীব্র বিরোধিতার মুখে সিদ্ধান্ত বাতিল করল ফিফা

তিনি বলেন, “মেসি অল্প সময় আগে এখানে এসেছে। তাই এখনও এ বিষয়ে ভালোভাবে কথা বলার সুযোগ পাইনি। তবে আমরা আনন্দিত যে দুজনই—মেসি ও রদ্রিগো ডি পল—ফিরেছে।”

মেসির অনুপস্থিতিতেও দুর্দান্ত ছন্দে রয়েছে ইন্টার মায়ামি। চলতি এমএলএস মৌসুমে ১৭ ম্যাচে ১২ জয় ও একটি ড্রয়ে দলটির সংগ্রহ ৩৭ পয়েন্ট। গত ৯ মে থেকে শুরু হওয়া টানা জয়ের ধারাও ধরে রেখেছে দলটি। কলম্বাস ক্রুর বিপক্ষে জিততে পারলে টানা সপ্তম জয় তুলে নেবে মায়ামি।

আরও পড়ুন: ফ্রান্সের নতুন প্রধান কোচ জিনেদিন জিদান

২০২৪ সালে এমএলএসের সাপোর্টার্স শিল্ড জেতা ইন্টার মায়ামি এবারও শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে। বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ন্যাশভিল এসসির চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে মেসির দল।

বিশ্বকাপ শেষে মেসির মাঠে ফেরার সম্ভাবনায় সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মাঠে নামেন কি না আর্জেন্টাইন এই মহাতারকা।