উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

২০২৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মিউনিখে, ২০২৯ বার্সেলোনায়

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:০১ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৮ ও ২০২৯ সালের ফাইনালের ভেন্যু ঘোষণা করা হয়েছে। ২০২৮ সালের ফাইনাল হবে জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। আর ২০২৯ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে স্পেনের বার্সেলোনার ক্যাম্প ন্যুতে। মঙ্গলবার ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এই ঘোষণা দিয়েছে।

২০২৮ সালে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করবে আলিয়াঞ্জ অ্যারেনা। এর আগে ২০১২ সালে এই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। সেবার নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি।

আরও পড়ুন: আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি

এরপর ২০২৫ সালেও আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়। ওই ফাইনালে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট জেতে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)।

প্রায় ৭০ হাজার দর্শক ধারণক্ষমতার আলিয়াঞ্জ অ্যারেনা বর্তমানে বড় ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত। অন্যদিকে বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে এখনো সংস্কারকাজ চলছে। ২০২৩ সালে শুরু হওয়া বড় ধরনের সংস্কার প্রকল্পের অংশ হিসেবে স্টেডিয়ামটির উন্নয়ন করা হচ্ছে।

আরও পড়ুন: চট্টগ্রামের বদলে বিসিবির ভরসা এখন সিলেট

২০২৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজনের মাধ্যমে তৃতীয়বারের মতো ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতার ফাইনাল হবে ক্যাম্প ন্যুতে।

এর আগে ১৯৯৯ সালে সর্বশেষ এই স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শেষ সময়ে দুই গোল করে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ইংলিশ ক্লাবটি।

২০২৯ সালের ফাইনাল আয়োজনের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা।

এক বিবৃতিতে তিনি বলেন, চ্যাম্পিয়ন্স লিগের মতো বিশ্ব ফুটবলের অন্যতম বড় আয়োজনের ফাইনাল আয়োজনের জন্য উয়েফার আস্থা বার্সেলোনার জন্য অত্যন্ত গর্বের বিষয়। ক্যাম্প ন্যুর সংস্কার প্রকল্পের ব্যাপকতা ও উচ্চাকাঙ্ক্ষাও এর মাধ্যমে তুলে ধরা হচ্ছে।

মিউনিখে তৃতীয়বার ফাইনাল

২০২৮ সালের ফাইনাল আয়োজন নিয়ে বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রিসেনও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বায়ার্নের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আলিয়াঞ্জ অ্যারেনা, বায়ার্ন মিউনিখ এবং পুরো শহর আন্তর্জাতিক আকর্ষণ, আতিথেয়তা ও উচ্চমানের আয়োজনের প্রতীক।

সমর্থকদের জন্য আরও একটি অসাধারণ অভিজ্ঞতা তৈরি করার পাশাপাশি মিউনিখকে আন্তর্জাতিক ও ক্রীড়াপ্রেমী শহর হিসেবে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এদিকে ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজন করবে স্পেনের রাজধানী মাদ্রিদের এস্টাদিও মেট্রোপলিতানো। ২০২৭ সালের ৫ জুন সেখানে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্টেডিয়ামটি স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের নিজের মাঠ।

নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও নির্ধারিত

নারী চ্যাম্পিয়ন্স লিগের ২০২৮ ও ২০২৯ সালের ফাইনালের ভেন্যুও ঘোষণা করেছে উয়েফা।

২০২৮ সালের ফাইনাল হবে ফ্রান্সের লিয়ঁ-দেসিনের পার্ক অলিম্পিক লিওনেতে। আর ২০২৯ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে ওয়েলসের রাজধানী কার্ডিফের প্রিন্সিপ্যালিটি স্টেডিয়ামে।

৭৩ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার প্রিন্সিপ্যালিটি স্টেডিয়াম এর আগেও বড় ফুটবল ম্যাচ আয়োজন করেছে। ২০১৭ সালে এই মাঠেই পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস।

ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী নোয়েল মুনি বলেন, নারী ও মেয়েদের ফুটবলের ধারাবাহিক উন্নয়নে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মতো একটি আয়োজন হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।