ভুয়া অ্যাপে স্পাইওয়্যার ছড়ানোর অভিযোগ, ব্যবহারকারীকে সতর্ক হোয়াটসঅ্যাপের
ভুয়া অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়িয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়ার ঘটনায় সতর্কতা জারি করেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যে প্রায় ২০০ ব্যবহারকারীকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সরাসরি সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
হোয়াটসঅ্যাপের দাবি, ইতালিভিত্তিক একটি স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপ তৈরি করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে। বিশেষ করে আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে এই অ্যাপটি তৈরি করা হয়েছিল।
আরও পড়ুন: এআইয়ের অনিয়ন্ত্রিত অগ্রযাত্রা নিয়ে শঙ্কা, তদারকিতে তৃতীয় পক্ষের উদ্যোগ
প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়, ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই ইতালির বাসিন্দা। নিরাপত্তার স্বার্থে তাদের অ্যাকাউন্ট থেকে লগআউট করা হয়েছে এবং ব্যক্তিগত তথ্যের ঝুঁকি সম্পর্কে অবহিত করা হয়েছে। একইসঙ্গে ভুয়া অ্যাপ মুছে ফেলে অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র বলেন, ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে নিরাপত্তাজনিত কারণে ক্ষতিগ্রস্তদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
আরও পড়ুন: আইফোন ১৮ প্রো বনাম আইফোন ১৫ প্রো তিন বছরে কতটা বদলাবে?
এ ঘটনায় সংশ্লিষ্ট স্পাইওয়্যার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যে তাদের কার্যক্রম বন্ধের দাবি জানানো হবে।
বিশ্লেষকরা বলছেন, ভুয়া অ্যাপের মাধ্যমে নজরদারি চালানোর ঘটনা নতুন নয়। অতীতে বিভিন্ন দেশে আইনশৃঙ্খলা বাহিনী এমন কৌশল ব্যবহার করেছে বলেও অভিযোগ রয়েছে। অনেক সময় টেলিকম অপারেটরের মাধ্যমে ফিশিং লিংক পাঠিয়েও ব্যবহারকারীদের টার্গেট করা হয়।
এই ঘটনার পর প্রযুক্তি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার এবং অজানা উৎস থেকে কোনো অ্যাপ ইনস্টল না করার পরামর্শ দিয়েছেন।





