ঈদের দিন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ন, ২১ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৩৬ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উপমহাদেশজুড়ে সৃষ্ট একটি বিস্তৃত বৃষ্টিবলয়ের প্রভাবে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার (২০ মার্চ) দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি হয়েছে, তার রেশ শনিবারও থাকতে পারে। এমনকি এদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, “শুক্রবারের তুলনায় শনিবার বেশি বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও জানান, আগের পূর্বাভাস অনুযায়ী চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হওয়ার কথা থাকলেও উপকূলীয় এলাকাগুলোতেও বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন: ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

আবহাওয়া সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের ওপর প্রায় এক হাজার কিলোমিটারজুড়ে একটি বৃষ্টিবলয় তৈরি হয়েছে। এটি একটি সরলরেখার মতো বিস্তৃত নিম্নচাপজনিত পশ্চিমা ঝঞ্ঝা, যা সাধারণ প্রবণতার ব্যতিক্রম হিসেবে বাঁক না নিয়ে সোজাভাবে বিস্তৃত হয়েছে।

সাধারণত পশ্চিমা ঝঞ্ঝা ভূমধ্যসাগরীয় অঞ্চলের নিম্নচাপ থেকে সৃষ্টি হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয় এবং শীতকালে বেশি সক্রিয় থাকে। তবে এবারের পরিস্থিতি ভিন্ন হওয়ায় এই ঝঞ্ঝা সরলরেখায় বিস্তৃত হয়ে বাংলাদেশেও বৃষ্টিপাতের প্রভাব ফেলছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিবলয়ের প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে এবং ঈদের দিনও এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।