৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাড়তে পারে বৃষ্টি
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। শনিবার (২৪ অক্টোবর) সংস্থাটির ফেসবুক পেজে প্রকাশিত এক পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়।
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ধাপে ধাপে শক্তিশালী হয়ে প্রথমে নিম্নচাপ, পরে গভীর নিম্নচাপ এবং শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, যেমন থাকবে আগামী ৫ দিন
সাগরে বাড়ছে বাতাসের গতি
পূর্বাভাসে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্র থেকে ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার। দমকা ও ঝড়ো হাওয়ার কারণে এ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত উঠছে। এর প্রভাবে সাগর ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে।
আরও পড়ুন: সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস
বর্তমানে সমুদ্রবন্দরগুলোতে আবহাওয়া অধিদপ্তরের কোনো সতর্কসংকেত নেই বলে জানিয়েছে সংস্থাটি। তবে পরিস্থিতির পরিবর্তনে সতর্কসংকেত জারি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ অবস্থায় মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যাওয়া থেকে বিরত থাকার এবং উপকূলের কাছাকাছি চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সম্ভাব্য গতিপথ ভারতের উপকূলের দিকে
বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটি আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টায় দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এরপর শক্তি বাড়িয়ে পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির ধারণা, ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি আগামী ২৮ অক্টোবরের আশপাশে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা সংলগ্ন দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। তবে ঘূর্ণিঝড়টির চূড়ান্ত শক্তি, গতিপথ ও উপকূল অতিক্রমের সময় এখনো নিশ্চিত নয়।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও বঙ্গোপসাগরের নিম্নচাপটি ২৪ অক্টোবরের মধ্যে নিম্নচাপ, ২৫ অক্টোবর গভীর নিম্নচাপ এবং ২৬ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা
বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, সিস্টেমটির প্রভাবে ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর দূরবর্তী প্রভাবে বাংলাদেশেও ২৭ বা ২৮ অক্টোবর থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ২৭ বা ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টি হতে পারে। বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হলেও তা তুলনামূলক কম হতে পারে।
তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ ও শক্তির পরিবর্তনের সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাসও বদলাতে পারে। তাই সর্বশেষ পরিস্থিতি জানতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আনুষ্ঠানিক পূর্বাভাস ও সতর্কবার্তা অনুসরণ করা জরুরি।





