ভোলাগঞ্জে শত কোটি টাকার পাথর লুট: পাঁচজন আটক
সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর কোয়ারি থেকে শত কোটি টাকার পাথর লুটের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এর আগে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর পক্ষ থেকে অজ্ঞাতনামা দুই হাজার ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়। শুক্রবার (১৫ আগস্ট) রাতে ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট
ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা সরকারি গেজেটভুক্ত গুরুত্বপূর্ণ পাথর কোয়ারি। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৫ আগস্ট থেকে সংঘবদ্ধ চক্র অবৈধভাবে কোটি কোটি টাকার পাথর উত্তোলন ও লুটপাট করছে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল
আইনে বলা হয়েছে, এই লুটপাট খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা, ২০১২–এর পাশাপাশি দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯ ও ৪৩১ ধারা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে।
মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং মূল হোতাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ব্যবসায়ী ও পরিবেশকর্মীদের দাবি, গত এক বছরে ভোলাগঞ্জ থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজারমূল্য ২০০ কোটি টাকারও বেশি। এর মধ্যে মাত্র ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার সম্ভব হয়েছে। অবৈধ পাথর উত্তোলনের ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে এবং সরকার বিপুল রাজস্ব হারিয়েছে।





