চট্টগ্রামে আ. লীগ কর্মীদের বাসা ভাড়া না দেওয়ার মাইকিং, পুলিশের দায় অস্বীকার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:০৮ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে এক যুবকের মাইকিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে কর্ণফুলী থানা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের কোনো নির্দেশনা তারা দেয়নি।

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি সিএনজি অটোরিকশায় করে মাইকিং করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও জার্সি পরা এক যুবক মাইকে ঘোষণা দিচ্ছেন—

আরও পড়ুন: রংপুরে একই পরিবারের চার খুন: ডিএনএ পরীক্ষায় সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা শনাক্ত

“পরিচিত ভাড়াটিয়া না হলে এবং সঠিক কাগজপত্র ছাড়া কাউকে বাসা ভাড়া দেবেন না। ঘরভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার সব কাগজপত্র থানায় জমা দিতে হবে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকে বাসা ভাড়া দিলে, পরে কোনো অভিযোগে গ্রেপ্তার হলে সেই বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘোষণার শেষদিকে যুবকটিকে কর্ণফুলী থানা ও সিএমপি’র নাম উল্লেখ করতে শোনা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই আশঙ্কা করছেন, প্রশাসনের নামে এমন মাইকিং ভবিষ্যতে সাধারণ ভাড়াটিয়াদের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন: উলিপুরে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

খোঁজ নিয়ে জানা গেছে, মাইকিং করা যুবকের নাম পারভেজ। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, “আমরা কখনো এ ধরনের নির্দেশ দিইনি। এটি ভুলভাবে প্রচার করা হয়েছে। পরে বিষয়টি সংশোধনও করা হয়েছে।”