হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান দিয়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক সনাতন ধর্মালম্বী
‘হিন্দু-মুসলিম ভাই ভাই একে অন্যকে সামাজিক বন্ধনে পাশে চাই’ স্লোগান দিয়ে চাঁদপুরের মতলব উত্তরে শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এখলাছপুর ইউনিয়নে স্থানীয় বলারাম গোস্বামীর নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বীরা বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
আরও পড়ুন: ফটিকছড়িতে অস্ত্রসহ দুই আসামী গ্রেফতার
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিএনপিতে যোগদানকে স্বাগত জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ড. মো. জালাল উদ্দিন।
যোগদান সভায় বলারাম গোস্বামী বলেন, “আমরা এখানে শতাধিক সনাতনী হিন্দু ধর্মের লোক আছি, যারা ড. জালাল উদ্দিনের হাত ধরে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলাম। আমরা কথা দিচ্ছি, এখানকার ভোট বিএনপিকে দিয়ে প্রিয়নেতা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করব। বিএনপি নেতা জালাল ভাই কথা দিয়েছেন, আমাদের সুখে-দুঃখে এবং বিপদে তিনি পাশে থাকবেন।”
আরও পড়ুন: সাভার ও আশুলিয়ায় গ্যাসের তীব্র সংকট, জনজীবনে চরম বিপর্যয়
পরে বলারাম গোস্বামী তার বক্তব্যে স্লোগান দেন ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, একে অন্যকে সামাজিক বন্ধনে পাশে চাই' ,“হিন্দু-মুসলিম ভাই ভাই ধানের শীষে ভোট চাই” ইত্যাদি। এ সময় অনুষ্ঠানে আগত সনাতন ধর্মাবলম্বীরা স্লোগানে স্লোগানে অনুষ্ঠানটি মুখরিত করে তোলেন।
অনুষ্ঠানে বিএনপিতে যোগদানকারীদের উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় নেতা ড. মো. জালাল উদ্দিন বলেন, “আমরা সবাই একে অপরের ভাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সুখে-দুঃখে পাশে থাকব। আপনাদের নিরাপত্তার দায়িত্ব তারেক রহমানের নির্দেশে দলের পক্ষ থেকে আমি গ্রহণ করছি। আমরা একসঙ্গে তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
অনুষ্ঠানে চাঁদপুরের মতলব উত্তরের এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুয়েল পাটোয়ারীর সভাপতিত্বে ও মতলব উত্তর ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের বিএনপি নেতা আলমগীর সরকার, আ. গনি তপাদার, মিয়া মনজুর আমিন স্বপনসহ অন্যান্যরা।





