রূপপুর গ্রিন সিটি থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটি আবাসিক এলাকা থেকে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) সকালে গ্রিন সিটির আবাসিক ৮ নম্বর ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুশ নাগরিকের নাম রাইবাকভ মাকসিম (৩০)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে নিয়োজিত এটমটেক এনার্গো কোম্পানির কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাইবাকভ মাকসিমের রুমমেট ফ্রোলিওভ নামের আরেক রুশ নাগরিক কক্সবাজারে ছুটি কাটিয়ে রোববার সকালে নিজ কক্ষে ফিরে আসেন। কক্ষে ঢুকেই তিনি রাইবাকভ মাকসিমকে মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে কোম্পানির নিরাপত্তা টিম, রাশিয়ান চিকিৎসক দল এবং ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত হন। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরে মরদেহ সংশ্লিষ্ট কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট কোম্পানি রুশ দূতাবাসের মাধ্যমে মরদেহ রাশিয়ায় পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।





