মিলে-মিশে গড়বো স্বপ্নের রূপগঞ্জ, ফ্রি চিকিৎসা কর্মসূচিতে দিপু ভূঁইয়া
“মিলে-মিশে গড়বো স্বপ্নের রূপগঞ্জ”—এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রূপগঞ্জ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগাহ মাঠে বুধবার সকাল ১১টা থেকে এ কর্মসূচি শুরু হয়, যা সন্ধ্যা পর্যন্ত চলবে।
আরও পড়ুন: বিএনপি কাজে ও কর্মে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল
এতে মেডিসিন, হৃদরোগ, শিশু, গাইনি, নাক-কান-গলা, চর্মরোগসহ বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন।
চিকিৎসা সেবা নিতে পাড়াগাঁও, মর্তুজাবাদ, পাচাইখা, ভূলতা, মাঝিপাড়া, সোনাবো, মুইরাবো, কইরাবো, লাবরাপাড়া ও আশপাশের এলাকার শত শত নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ মাঠে উপস্থিত হন। ফ্রি চিকিৎসা ও ওষুধ পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন। এলাকাবাসী এ মানবিক উদ্যোগের জন্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: ভোট চোরদের হাতে দেশের দায়িত্ব দেওয়া যাবে না: হাসনাত আব্দুল্লাহ
প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “রূপগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে নানাভাবে অবহেলিত। আমি যদি আপনাদের ভালোবাসা ও ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে রূপগঞ্জকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলব। প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই হবে আমার প্রধান অঙ্গীকার। রূপগঞ্জের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে পরিকল্পিতভাবে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব করা হবে। দরিদ্র ও অসহায় মানুষ যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়, সে জন্য বিনামূল্যে ও স্বল্পমূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “শুধু চিকিৎসা নয়—বাসস্থান, নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে একটি মানবিক ও আধুনিক রূপগঞ্জ গড়ে তোলা হবে। নির্বাচনের পরও আমি সব সময় আপনাদের পাশে থাকব। যে কোনো সমস্যা ও দুর্ভোগে জনগণের পাশে দাঁড়িয়ে সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, ডিকেএমসি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





