গাজীপুর-৩ আসনে পুরুষ ও মহিলা দুটি কেন্দ্রের খোলা মাঠে অস্থায়ী স্টলে ভোটগ্রহণ

Sanchoy Biswas
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৫৯ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
খোলা মাঠে ভোটগ্রহণ চলছে। ছবিঃ বাংলাবাজার পত্রিকা
খোলা মাঠে ভোটগ্রহণ চলছে। ছবিঃ বাংলাবাজার পত্রিকা

গাজীপুর-৩ আসনের কর্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রে খোলা মাঠে অস্থায়ী স্টলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে দুটি কেন্দ্র—একটি পুরুষ ও একটি মহিলা। বিদ্যালয়ের একমাত্র ভবনে গ্রহণ করা হচ্ছে পুরুষদের ভোটগ্রহণ। আর নারীদের জন্য খোলা মাঠে তৈরি করা হয় অস্থায়ী কেন্দ্র। এ কেন্দ্রে সকাল থেকে ২ হাজার ৫২ জন নারী ভোটারের ভোটগ্রহণ চলে।

সরেজমিনে দেখা যায়, শ্রীপুর আঞ্চলিক সড়কের পাশে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ে রয়েছে একটি পুরুষ ও একটি নারী কেন্দ্র। পুরুষ কেন্দ্রের ভোটগ্রহণ চলছে বিদ্যালয়ের একমাত্র ভবনে। নারী ভোটারদের জন্য ভবনে কোনো ব্যবস্থা নেই। ডেকোরেটর ভাড়া করে অস্থায়ী ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে। কেন্দ্রের পাশে রয়েছে বসতবাড়ি। স্থানীয় লোকজন প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। স্থানীয়দের মতে, এভাবে খোলা মাঠে অস্থায়ী কেন্দ্র তৈরি করে ভোটগ্রহণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেন্দ্রের এক পাশে নিরাপত্তার জন্য দাঁড়িয়ে ছিলেন দুইজন আনসার সদস্য। নেই কোনো সীমানা বাউন্ডারি। ভোটগ্রহণ কর্মকর্তা ও পোলিং এজেন্টদের অভিযোগ, নেই কোনো বিদ্যুৎব্যবস্থা, তাই প্রচণ্ড গরমে অস্থির তারা।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ–১ আসনে বিপুল ভোটে বিএনপির প্রার্থী দিপু ভুঁইয়ার জয়

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, প্রাথমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রের জন্য কোনো ভবন নেই। একটি মাত্র ভবনে চলছে পুরুষ কেন্দ্রের ভোটগ্রহণ। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্যান্ডেল তৈরি করে কেন্দ্র বানানো হয়েছে। তৈরি করা কেন্দ্রে সকাল থেকে চলছে ভোটগ্রহণ। আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সদস্যরা তৎপর রয়েছেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নাসির আহমেদ বলেন, সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কর্ণপুর মহিলা কেন্দ্রে খোলা মাঠে কেন্দ্র তৈরি করে ভোটগ্রহণ করা হলেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন: ভুয়া এজেন্ট সেজে ভোট কেন্দ্রে অবস্থান, জামায়াত নেতাসহ ১২ জনের সাজা

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, কর্ণপুর বিদ্যালয়ে পর্যাপ্ত অবকাঠামো নেই। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক অস্থায়ী কেন্দ্র তৈরি করে ভোটগ্রহণ করা হচ্ছে। কেন্দ্রের নিরাপত্তার জন্য সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।