জামায়াত যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার তাড়না কাজ করছে: সালাউদ্দিন আহমদ

Sanchoy Biswas
হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:২৮ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারে ৪ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সব মিলিয়ে প্রায় ৫৫/৬০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানা গেছে। এখন চলছে গণনার কাজ। এর আগে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেছেন, একটি দল অনৈতিক উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে এবং এ জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। দলটি অতিরিক্ত উচ্চাভিলাষে ভুগছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউটে ভোট দেওয়ার আগে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ–১ আসনে বিপুল ভোটে বিএনপির প্রার্থী দিপু ভুঁইয়ার জয়

সালাউদ্দিন আহমদ বলেন, একটি দলের মধ্যে যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার তাড়না কাজ করছে। যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার তাড়নায় দলটি অনৈতিক পন্থা অবলম্বন করছে। কয়েকটি স্থানে সাজানো ঘটনা ঘটেছে এবং ব্যালট পেপার ছাপানোর মতো ঘটনাও সামনে এসেছে।

বিএনপি প্রার্থী বলেন, এসব ঘটনায় নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ইতোমধ্যে কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে, অভিযোগ প্রমাণিত হয়েছে এবং শাস্তিও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভুয়া এজেন্ট সেজে ভোট কেন্দ্রে অবস্থান, জামায়াত নেতাসহ ১২ জনের সাজা

এমন সব ঘটনার নিন্দা জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক চর্চা টিকিয়ে রাখতে সব রাজনৈতিক দলকে নিয়ম-নীতি মেনে চলতে হবে। দেশের জনগণ কোনো ধরনের অপসংস্কৃতি বা অনিয়ম মেনে নেবে না। অতীতে যেমন প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও তেমনই হবে বলে তার বিশ্বাস।

নির্ধারিত সময়ে কক্সবাজারের সব কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। সব কেন্দ্রে কম-বেশি ভোটার উপস্থিতি রয়েছে। বয়োবৃদ্ধ নারী-পুরুষ ভোটাররা সকাল সকাল ভোটকেন্দ্রে আসেন। আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্যরা তাদের ভোট দিতে সহযোগিতা করছেন। স্ব স্ব কেন্দ্রে ভোট দিয়েছেন প্রার্থীরা।