গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াত জয়ী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থীরা এবং একটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন। শুক্রবার সকালে রিটার্নিং অফিসার ও গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
বিএনপির বিজয়ী প্রার্থীরা হলেন, গাজীপুর-১ এ মো. মজিবুর রহমান, গাজীপুর-২ এ এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ এ অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর-৫ এ এ কে এম ফজলুল হক মিলন। আর জামায়াতে ইসলামী’র দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন গাজীপুর-৪ আসনে জয়ী হয়েছেন।
আরও পড়ুন: ফুলের দোকানে উপচে পড়া ভিড়, বিনোদন কেন্দ্রের নয়া লুক
ফলাফলে দেখা গেছে, গাজীপুর-1 (কালিয়াকৈর ও গাজীপুর সিটির একাংশ) আসনে বিএনপি (ধানের শীষ) প্রার্থী মো. মজিবুর রহমান ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহ আলম বকশী পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮৫৩ ভোট। ৫৮ হাজার ৮৩৫ ভোটে জামায়াত প্রার্থী শাহ আলম বকশীকে পরাজিত করেন বিএনপি প্রার্থী কালিয়াকৈরের সাবেক মেয়র মো. মজিবুর রহমান।
গাজীপুর-২ (সদর ও টঙ্গী) আসনে বিএনপির প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি ১ লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের (এনসিপি) প্রার্থী শাপলা কলি প্রতীক নিয়ে আলী নাছের খান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান রনি বেশি পেয়েছেন ৪৭ হাজার ৬৫৬ ভোট।
আরও পড়ুন: লক্ষ্মীপুরের ৪টি আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির প্রার্থীরা
গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের (বাংলাদেশ খেলাফত মজলিশ) প্রার্থী রিকশা প্রতীকের মোহাম্মদ এহসানুল হক পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৬১ হাজার ৮০৪ ভোট।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) প্রার্থী সালাহ উদ্দিন। তিনি ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্রিগেডিয়ার হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ১১ হাজার ৩৮৯ ভোট।
গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মো. খায়রুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট। এ আসনে ফজলুল হক মিলন ৫৫ হাজার ৭৪৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।





