শ্রীপুরে হত্যার পর কিশোরের মরদেহে আগুন, রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকার এমসি বাজার থেকে সাতখামাইর আঞ্চলিক সড়কের বৃন্দাবন নামক স্থানে আগুনে পোড়া ওই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল দিকে স্থানীয়রা সড়কের পাশে আগুনে পোড়া দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, রাত আনুমানিক ৩টা থেকে ভোর ৭টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা মরদেহটি সেখানে ফেলে দিয়েছে।
আরও পড়ুন: দৈনিক বাংলা বাজারে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সেই দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
পুলিশ জানায়, অজ্ঞাত ওই কিশোরের বয়স আনুমানিক ১৮ বছর। তার গলায় রশি বাঁধা ছিল এবং জিহ্বা বেরিয়ে ছিল, যা থেকে প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া যাচ্ছে।
গ্রাম পুলিশ সদস্য শরীফ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পান এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
আরও পড়ুন: নাজিরপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চিতলমারী একাদশ
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে এখনো পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরকে হত্যার পর নির্জন গজারি বনের পাশে এনে তার মরদেহে আগুন দেওয়া হয়েছে। এতে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় হত্যাকাণ্ডের সম্ভাবনাসহ বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।





