শ্রীপুরে চৌক্কার খাল পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী এ্যানি, খালটির পুনরুজ্জীবনে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি
গাজীপুরের শ্রীপুর উপজেলা-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক চৌক্কার খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্ব।
আজ সোমবার (২ মার্চ) দুপুরে খালটি সরেজমিনে ঘুরে দেখেন শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। পরিদর্শন শেষে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: দৈনিক বাংলা বাজারে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সেই দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
দীর্ঘদিনের অবহেলা ও নাব্যতা হারিয়ে খালটি আজ প্রায় মৃতপ্রায়। অথচ একসময় এই খালই ছিল আশপাশের কৃষিজমির প্রাণ, বর্ষায় জলাবদ্ধতা নিরসনের প্রধান ভরসা। স্থানীয়দের ভাষ্য, খালটি পুনরুজ্জীবিত হলে বদলে যাবে পুরো অঞ্চলের চিত্র। সেই প্রত্যাশার প্রতিধ্বনি শোনা যায় মন্ত্রীদের বক্তব্যেও।
মন্ত্রী বলেন, চৌক্কার খাল শুধু একটি জলাধার নয়—এটি একটি ইতিহাস, একটি স্মৃতি এবং হাজারো মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা বাস্তবতা। খালের নাব্যতা ফিরিয়ে এনে কৃষি ও সেচব্যবস্থাকে সচল করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পরিবেশ রক্ষা এবং জলাবদ্ধতা নিরসনে সরকার আন্তরিক বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: নাজিরপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চিতলমারী একাদশ
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপি এবং আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ সিদ্দিকী।
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মোতালেবের সভাপতিত্বে এবং শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমীন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির সরকার ও সাধারণ সম্পাদক মো. খাইরুল কবির, আজাদ মণ্ডল, এসএম মাহফুল হাসান হান্নান, শরীফ মোহাম্মদ সিদ্দিকী, বিল্লাল হোসেন এবং বিপুল সংখ্যক নেতা-কর্মী।





