শ্রীপুরে ব্যবসায়ী অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, আটক ২

Sanchoy Biswas
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬ | আপডেট: ৮:৪৮ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় অপহরণের শিকার হওয়া কুষ্টিয়ার এক কাপড় ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের বাসিন্দা মো. নিজাম শেখ (৬০) দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় ফেরি করে কাপড় ব্যবসা করতেন। ব্যবসায়িক সূত্রে তার সঙ্গে পরিচয় হয় শিউলি আক্তার (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীর সঙ্গে। একপর্যায়ে শিউলীর কাছে তার প্রায় ৪ লাখ টাকা পাওনা হয়।

আরও পড়ুন: ১৭ নয় হত্যা মামলা ৫টি, অতিরঞ্জিত না লিখে সাংবাদিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান: জিএমপি কমিশনার

গত ১৬ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে শিউলি টাকা দেওয়ার কথা বলে নিজাম শেখকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় আসতে বলেন। ভিকটিম সেখানে পৌঁছালে কৌশলে তাকে একটি অপহরণ চক্রের হাতে তুলে দেওয়া হয়।

পরে অপহরণকারীরা তাকে শ্রীপুরের বেরাইদেরচালা, বৈরাগীরচালা ও মাধখলা এলাকায় নিয়ে আটকে রেখে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

আরও পড়ুন: সমবায়ভিত্তিক উন্নয়নেই সমৃদ্ধ হবে গ্রামীণ অর্থনীতি: ডা. বাচ্চু এমপি

এ অবস্থায় ওই ব্যবসায়ীর পরিবার বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা অপহরণকারীদের কাছে পাঠায়। পরে ১৭ মার্চ রাতে তার ছেলে মিজানুর রহমান (রিপন) শ্রীপুর মডেল থানায় এসে বিষয়টি জানালে পুলিশ উদ্ধার অভিযানে নামে।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো. লালচান মিয়ার নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৮ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে মাধখলা গ্রামের দবীর কলাবাগান এলাকা থেকে নিজাম শেখকে উদ্ধার করে। এ সময় অপহরণ চক্রের সদস্য শাহাদত হোসেন ও আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মো. লালচান মিয়া বলেন, এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে শিউলিসহ ৭ জনের নাম উল্লেখ এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে শ্রীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।