ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা

Sanchoy Biswas
মো. মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ন, ২১ মার্চ ২০২৬ | আপডেট: ৯:১৩ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লায় ফাঁকা মহাসড়কে দ্রুতগতিতে চলছে যানবাহন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি। শুক্রবার সকাল থেকে দেশের প্রধান এই মহাসড়ক একেবারেই ফাঁকা দেখা গেছে। এদিন সকাল থেকে মহাসড়কে দ্রুত গতিতে যানবাহন চলাচল করছে। এতে অনেকটাই স্বস্তিতে বাড়ি ফিরছেন ঈদের ঘরমুখো মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের প্রধান মহাসড়ক ঢাকা-চট্টগ্রামের শুক্রবারের চিত্র ছিল স্বস্তিদায়ক। মহাসড়কের দাউদকান্দি থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত কোথাও কোনো যানবাহনের জটলা বাঁধেনি। ঢাকা থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সবকটি জেলার বাসিন্দা এ মহাসড়ক ব্যবহার করে স্বস্তিতেই বাড়ি ফিরছেন।

আরও পড়ুন: কুলাউড়ায় কাজ শেষে ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

এদিকে মহাসড়কের যানজট নিরসনে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এ মহাসড়কে সেনাবাহিনী, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, র‌্যাব, কমিউনিটি পুলিশিং এবং রোভার স্কাউট সদস্যরা নিয়োজিত রয়েছে। যাত্রীদের ভোগান্তি কমানো এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পাঁচ স্তরের আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত করেছে। এতে স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছে ঈদে ঘরমুখো মানুষ।

ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহণের যাত্রী ইকবাল হোসেন বলেন, “দেড় ঘণ্টায় ঢাকা থেকে কুমিল্লা এসে পৌঁছেছি। সড়কের কোথাও কোনো যানবাহনের জটলা দেখিনি। মহাসড়ক একেবারেই ফাঁকা। দ্রুত গতিতে যানবাহন চলাচল করছে।”

আরও পড়ুন: গাজীপুরে গৃহবধূ হত্যা মামলার ঘাতক স্বামীকে গ্রেপ্তার করল পিবিআই

কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, “মহাসড়কে যানজট নেই। ফাঁকা মহাসড়ক দিয়ে দ্রুত গতিতে মানুষ বাড়ি ফিরতে পারছে। মহাসড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ স্তরের আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।”