নাসিরনগরে কিশোর খুন: কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি। কেউ বলছেন ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে, আবার কেউ বলছেন টর্চলাইটের আলো নিয়ে সৃষ্ট বিরোধ থেকেই এই হত্যার ঘটনা ঘটেছে।
ঘটনাটি শনিবার (২১ মার্চ) রাতে উপজেলার চাতলপাড়া ইউনিয়নের বড়নগর এলাকায় ঘটে। নিহত বাবুল মিয়া (১৪) মো. আবু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে খুঁজিয়াখাই গ্রামের মাঠে ফুটবল খেলা নিয়ে সহপাঠীদের সঙ্গে বাবুলের বাকবিতণ্ডা হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়। একই দিন সন্ধ্যার পর টর্চলাইটের আলো ফেলা নিয়ে প্রতিবেশীর সঙ্গে আরেক দফা বিরোধের কথাও জানা গেছে। এ দুই ঘটনার কোনো একটির জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সন্ধ্যার পর থেকে বাবুল নিখোঁজ ছিল। পরে রাত আনুমানিক ৯টার দিকে রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
চাতলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ইউনিয়ন পরিষদের সদস্য মো. খায়রুল ইসলাম মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, “ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। তাই হত্যার প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। তবে একটি সূত্র থেকে শুনেছি, অন্ধকারে চোখে টর্চলাইটের আলো ফেলা নিয়ে সৃষ্ট বিরোধ থেকেই এই হত্যার ঘটনা ঘটেছে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।





