শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলার অভিযোগ, আহত- ৩ প্রতিবাদে মানববন্ধন
গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় এক ব্যক্তির ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার নয়াপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে নব দিগন্ত ক্রীড়া সংস্থা।
আরও পড়ুন: করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট
মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, ছাত্র-যুবক, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
তারা মাদকের বিরুদ্ধে সোচ্চার অবস্থান তুলে ধরেন এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল
বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পরিবার ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে। একটি সুন্দর ও আদর্শ সমাজ গড়ে তুলতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।
তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও কারবারীদের দমনে প্রশাসনের জোরালো ভূমিকা অত্যন্ত জরুরি। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানান বক্তারা, যাতে তারা মাদকের মতো ক্ষতিকর আসক্তি থেকে দূরে থাকতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে ভুক্তভোগী মো. নিজাম উদ্দিন মসজিদ থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এ ঘটনায় আরও দুজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী নিজাম উদ্দিন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন,জাহিদ (১৮), মাসুম (২২), জাহিদুল (১৯), সোহেল (২২), সোহাগ (১৯) ও জহিরুল ইসলাম (২০)।
মানববন্ধনে বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহম্মদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





