সিলেট বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এর এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১২টা ৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ জানান, সার্ভার রুম থেকে ধোঁয়া বের হতে দেখে কর্তব্যরত কর্মীরা তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, দ্বিতীয় তলার সার্ভার রুমে আগুন লাগার খবর পাওয়ার পরই তারা অভিযান শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
এদিকে, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, আগুনের ফলে সার্ভার রুমে থাকা কয়েকটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পুড়ে গেছে এবং ঘন ধোঁয়ার সৃষ্টি হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সার্ভার রুমে সংবেদনশীল যন্ত্রপাতি থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।





