মমেকে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, ৭ দিনের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:৩৯ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ আগামী ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

শনিবার (১৮ এপ্রিল) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সকাল ৮টার মধ্যে ছাত্র-ছাত্রীদের ছাত্রাবাস ও ছাত্রীনিবাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাউফলে নারী'সহ ৪ মাদক কারবারি আটক; গাঁজা-ইয়াবা উদ্ধার

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে কলেজের বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন— তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুয়াজ ও মীর হামিদুর।

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, বাইকে তেল ভরাকে কেন্দ্র করে প্রথমে মুয়াজ ও হামিদুরের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। একপর্যায়ে হামিদুর ও তার সহযোগীরা মুয়াজকে মারধর করে কক্ষ থেকে বের করে দেন।

আরও পড়ুন: ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

পরবর্তীতে হামিদুর বাইরে গেলে তাকে স্টিলের পাইপ দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে হামিদুর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নাফিউল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আলম খান বলেন, পুরো ঘটনার তদন্ত চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।