আন্তর্জাতিক কিছু প্রতিষ্ঠান বন্দরে প্রযুক্তিগত সহায়তা দিতে চায়: নৌপরিবহন মন্ত্রী

Sanchoy Biswas
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:২৫ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রোববার দুপুরে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ জেটি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রাম সফরে এসে দেশের প্রধান সমুদ্রবন্দর ঘুরে দেখেন নৌপরিবহন মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর যেভাবে এগিয়েছে, সেটা ইতিবাচক। তবে আরও অনেক কিছু করার সুযোগ আছে। আমরা চাই, সমন্বিতভাবে কাজ করে এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে।

আরও পড়ুন: বগুড়ায় অস্ত্র ও মাদকসহ ৭ মামলার বিএনপির সাবেক নেতা খুন

মন্ত্রী বলেন, কিছু নতুন প্রকল্প পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ল্যান্ডলর্ড মডেল নিয়েও আন্তর্জাতিক পর্যায়ের কিছু প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। তারা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দিতে চায়। এতে কন্টেইনার টার্মিনালগুলোর কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে। সফরকালে বন্দর কার্যক্রম ঘুরে দেখে বেশ কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।

নৌপরিবহন মন্ত্রী বলেন, এর মধ্যে কিছু বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কিছু বিষয়ে ঢাকায় ফিরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: তাহিরপুর সীমান্তে পাহাড়ি ঢলের তোড়ে শতাধিক বসতবাড়ি বিধ্বস্ত

সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য যে খাতগুলো সবচেয়ে বেশি অবদান রাখতে পারে, সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আর চট্টগ্রাম বন্দর সেই গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি।

প্রসঙ্গত, দুই দিনের এই সফরে মন্ত্রী বন্দর, সড়ক ও রেল–সম্পর্কিত বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। এ সময় তিনি বন্দর কার্যক্রমের গতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং উন্নয়নের সুযোগগুলো সরেজমিনে পর্যালোচনা করেন। আমদানি-রপ্তানি বাণিজ্য বাড়ানো, খরচ কমানো এবং দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়গুলোও ছিল তার সফরের মূল নজরে।